যুক্তরাজ্যে ক্ষমতায় এলে টানা পাঁচ বছরের জন্য সব ধরনের রাজনৈতিক আশ্রয় গ্রহণ পুরোপুরি বন্ধ, আশ্রয় ট্রাইব্যুনাল বাতিল এবং বৈধ শরণার্থী প্রবেশের পথ রুদ্ধ করার এক নজিরবিহীন পরিকল্পনা ঘোষণা করতে যাচ্ছেন রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের একটি পূর্ণ মেয়াদজুড়ে এই কঠোর ব্যবস্থা কার্যকর রাখার প্রতিশ্রুতি দিতে পারে দলটি।
এই পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে বিচারাধীন থাকা প্রায় ৯০ হাজার আশ্রয় আবেদন ও আপিল সরাসরি বাতিল করে সংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাজ্য থেকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে গত পাঁচ বছরে যারা দেশে শরণার্থী হিসেবে আশ্রয় পেয়েছেন, তাদের ফাইল ও নথিপত্রও নতুন করে খতিয়ে দেখার পরিকল্পনা রাখা হয়েছে।
ফিলিস্তিন এবং আফগানিস্তানের নারী ও শিশুদের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের পুনরুজ্জীবিত করা বিশেষ পুনর্বাসন কর্মসূচিগুলোও বন্ধের পক্ষে মতামত দিয়েছে দলটি। ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে নাইজেল ফারাজ দাবি করেন, যুক্তরাজ্য বর্তমানে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত জরুরি পরিস্থিতির মুখোমুখি। দেশে কতজন অবৈধভাবে অবস্থান করছেন এবং তারা কী ধরনের ঝুঁকি তৈরি করতে পারেন, সে তথ্য না থাকায় নতুন করে আশ্রয়প্রার্থী গ্রহণ বন্ধ রাখা জরুরি।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, এটি রিফর্ম ইউকের প্রস্তাবিত নীতি মাত্র; বর্তমানে এটি কোনো সরকারি সিদ্ধান্ত নয়। সাম্প্রতিক জনমত জরিপে দলটির অবস্থান কিছুটা নিম্নমুখী এবং দলের অভ্যন্তরীণ সংকট ও অনুদান নিয়ে বিতর্ক চললেও সীমান্ত সুরক্ষা ও কঠোর অভিবাসন নীতিকে সামনে রেখেই এগোতে চাইছেন নাইজেল ফারাজ।





