ইংল্যান্ডের সোলিহালের একটি পার্কে হাঁটতে গিয়ে স্বঘোষিত এক ‘পাহারাদার’ দলের সদস্যদের বর্ণবাদী আচরণ ও হেনস্তার শিকার হয়েছেন তিন ভারতীয় শিক্ষার্থী।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মেট্রো’-র প্রতিবেদন অনুযায়ী, সোলিহালের মেরিডেন পার্কে ‘চেলমসলে উড প্যাট্রিয়টস’ (Chelmsley Wood Patriots) নামের একটি দল টহল দেওয়ার সময় ভারতীয় শিক্ষার্থীদের ঘিরে ধরে। দলটির সদস্যরা শিক্ষার্থীদের ভিডিও ধারণ করে ইংল্যান্ডে আসার কারণ জানতে চান এবং তাদের পার্ক ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন। এমনকি তাদের উদ্দেশ্যে বলা হয়, “তোমাদের যা করা উচিত, তা হলো শিশুদের পার্ক থেকে দূরে থাকা; যেখানে থাকো, সেখানে ফিরে যাও।” যদিও দলটি নিজেদের নারী ও শিশুদের সুরক্ষায় নিয়োজিত দাবি করে ফেসবুকে সাফাই গাওয়ার চেষ্টা করেছে, তবে স্থানীয় কর্মীরা একে স্পষ্ট বর্ণবাদী ও হয়রানিমূলক আচরণ বলে নিন্দা জানিয়েছেন। সোলিহাল গ্রিন পার্টির পক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে এবং ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে যে তারা পুরো বিষয়টি খতিয়ে দেখছে।





