যুক্তরাজ্যের লিডসে ২০২৪ সালের আলোচিত হেয়ারহিলস দাঙ্গায় অংশ নেওয়ার মিথ্যা অভিযোগ ছড়ানোর দায়ে স্থানীয় মুসলিম কাউন্সিলর মতিন আলীর কাছে প্রকাশ্য ক্ষমা চেয়েছেন জিবি নিউজের (GB News) জনপ্রিয় উপস্থাপক অ্যালেক্স আর্মস্ট্রং এবং ডানপন্থী সামাজিক যোগাযোগমাধ্যম ভাষ্যকার বার্নাডেট স্পফোর্থ। একই সঙ্গে তারা যৌথভাবে উল্লেখযোগ্য অঙ্কের ক্ষতিপূরণ ও মামলার সমস্ত আইনি খরচ পরিশোধ করতে সম্মত হয়েছেন। গত শুক্রবার (১৬ অক্টোবর) লন্ডনের হাইকোর্টে এই মানহানি মামলার নিষ্পত্তি সম্পন্ন হয়।
আইটিভি নিউজের প্রতিবেদন অনুযায়ী, লিডস সিটি কাউন্সিলের গিপটন ও হেয়ারহিলস এলাকা থেকে নির্বাচিত কাউন্সিলর মতিন আলী ২০২৪ সালে দাঙ্গার সময় মূল সহিংসতা থামানো ও পুলিশকে সহায়তা করতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে বিবাদীরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তাকে দাঙ্গায় সক্রিয় অংশগ্রহণকারী ও উসকানিদাতা হিসেবে উপস্থাপন করে পোস্ট দেন। এ ঘটনায় নিজের সুনাম ক্ষুণ্ণ হওয়া ও মানসিক নির্যাতনের অভিযোগে বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হন কাউন্সিলর মতিন আলী।
শুক্রবার হাইকোর্টে বিবাদীপক্ষের আইনজীবী সামান্থা থম্পসন স্বীকার করেন যে, ছড়ানো তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা ছিল। তার মক্কেলরা মতিন আলীর সুনামের মারাত্মক ক্ষতি এবং তার ও তার পরিবারের চরম মানসিক কষ্টের জন্য আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। আদালতে তুলে ধরা পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়, মতিন আলী কেবল উপস্থিতই ছিলেন না, বরং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার অনুরোধে জীবন ঝুঁকি নিয়ে বাসে আগুন নেভানো, স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরানো এবং পুলিশ ও উত্তেজিত জনতার মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করেছিলেন।
আদালতের রায়ের পর ক্ষোভ প্রকাশ করে মতিন আলী বলেন, “যেখানে আমি নিজ কমিউনিটিকে বাঁচাতে জ্বলন্ত বাসের আগুন নেভানোর চেষ্টা করছিলাম, সেখানে আমাকেই দাঙ্গাবাজ সাজিয়ে বর্ণবাদী আক্রমণের শিকার বানানো হয়েছে।” গ্রিন পার্টির প্রধান জ্যাক পোলানস্কি মতিন আলীর এই আইনি জয়কে বর্ণবাদী অপপ্রচারের বিরুদ্ধে লড়তে থাকা সাধারণ ও রাজপথের রাজনীতিকদের জন্য এক বিরাট বিজয় বলে অভিহিত করেছেন।





