যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের অন্যতম দীর্ঘমেয়াদী কনজারভেটিভ রাজনীতিক ও লন্ডন অ্যাসেম্বলির সদস্য অ্যান্ড্রিউ বফ দীর্ঘ ৫৩ বছর পর দল থেকে পদত্যাগ করেছেন। ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের (ECHR) পক্ষে অবস্থান নেওয়ার কারণে আসন্ন লন্ডন মেয়র নির্বাচনে কনজারভেটিভ পার্টির প্রার্থী হওয়ার দৌড় থেকে তাকে বাদ দেওয়া হলে তিনি দল ছাড়ার এই চূড়ান্ত ঘোষণা দেন।
প্রার্থিতা বাতিলের এই সিদ্ধান্তকে ‘অস্বাভাবিক ও অত্যন্ত হতাশাজনক’ হিসেবে অভিহিত করেছেন বফ। ১৯৭৩ সালে কনজারভেটিভ পার্টিতে যোগ দেওয়া এই প্রবীণ নেতা ২০০৮ সাল থেকে লন্ডন অ্যাসেম্বলির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। পদত্যাগের পর তিনি জানান, এখন থেকে তিনি অ্যাসেম্বলিতে একজন স্বাধীন (Independent) প্রতিনিধি হিসেবে কাজ চালিয়ে যাবেন।
বিবিসি রেডিও লন্ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্ড্রিউ বফ ক্ষোভ প্রকাশ করে বলেন, “লন্ডনের মেয়রের দায়িত্বের সঙ্গে ইসিএইচআর-এ যুক্ত থাকা বা বের হয়ে যাওয়ার কোনো সম্পর্ক নেই। এটি পুরোপুরি পার্লামেন্টের সিদ্ধান্ত। মানবাধিকার, কাউন্সিল অব ইউরোপ এবং ইউক্রেনের পক্ষে অবস্থান নেওয়া কীভাবে আমাকে দলের কাছে অপ্রয়োজনীয় করে তুলল, তা আমার বোধগম্য নয়।”
তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, ইসিএইচআর কোনো বামপন্থীদের প্রজেক্ট নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উইনস্টন চার্চিলের মতো ব্রিটিশ কনজারভেটিভদের হাত ধরেই এটি তৈরি হয়েছিল। তবে সিটি হল কনজারভেটিভস-এর নেতা সুসান হল জানান, তারা বফের পদত্যাগে দুঃখপ্রকাশ করছেন ঠিকই, কিন্তু ইসিএইচআর থেকে বের হয়ে যাওয়ার যে নীতি দল গ্রহণ করেছে, তারা তাতে অটল। উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবরে কনজারভেটিভ নেত্রী কেমি ব্যাডেনক স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, ইসিএইচআর ছাড়ার সিদ্ধান্তের সঙ্গে যারা একমত হবেন না, তারা কনজারভেটিভ প্রার্থী হতে পারবেন না।





