যাত্রী তোলার পথে এক বিপদে পড়া নারীর গাড়ির পাংচার হওয়া চায়ার বদলিয়ে দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় পূর্ব ইংল্যান্ড অঞ্চলের ‘ট্যাক্সি হিরো’ (Taxi Hero) পুরস্কার অর্জন করেছেন পিটারববরোর ক্যাব চালক শফিক আহমেদ। গত ৩০ বছরের বেশি সময় ধরে ট্যাক্সি চালিয়ে আসা শফিক আহমেদ তার এই উদারতা ও কমিউনিটির প্রতি নিঃস্বার্থ সেবামূলক মনোভাবের স্বীকৃতিস্বরূপ অ্যাকর্ন গ্রুপ কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় এই গৌরব অর্জন করেন।
ঘটনার দিন শফিক যখন একটি ভাড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন, তখন রাস্তায় এক নারীকে বিপদে পড়ে দাঁড়িয়ে থাকতে দেখেন। তিনি অবিলম্বে নিজের বুকিংটি অন্য এক চালকের কাছে স্থানান্তর করেন এবং ওই নারীর গাড়ির পাংচার হওয়া টায়ারটি নিজ হাতে পরিবর্তন করে দেন। এ বিষয়ে শফিক আহমেদ গণমাধ্যমকে জানান, সড়কে কাউকে বিপদে দেখলে সাহায্য করা তার কাছে মানুষের প্রতি নৈতিক দায়িত্বের অংশ এবং তিনি এর বিনিময়ে কখনো কিছু প্রত্যাশা করেননি। এছাড়া তার নমিনেশনে উল্লেখ রয়েছে যে, তিনি প্রায়শই আর্থিক সংকটে থাকা বা মানসিকভাবে বিপর্যস্ত যাত্রীদের নানাভাবে সহযোগিতা করে থাকেন।
অ্যাকর্ন ইন্স্যুরেন্সের পক্ষ থেকে আয়োজিত এই পুরস্কারটি মূলত ব্রিটেনের ট্যাক্সি শিল্পে নিয়োজিত নেপথ্য নায়কদের সম্মান জানানোর জন্য প্রদান করা হয়। অ্যাকর্ন গ্রুপের আশ কোকলে বলেন, নিজের ভাড়া ছেড়ে একজন অচেনা মোটরচালককে সাহায্য করা এবং মূল যাত্রীর সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানো নিশ্চিত করার মাধ্যমে শফিক সবার প্রতি অসাধারণ দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। আগামী ১১ নভেম্বর এই প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের বিজয়ী চালকের নাম ঘোষণা করা হবে।





