জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে লন্ডনে সম্পন্ন হয়েছে ব্রিটিশ বিজনেস এন্টারপ্রেনার ক্লাব—বিবেক (BBEC) আয়োজিত দ্বিতীয় ‘ইউকে বিজনেস এক্সপো অ্যান্ড অ্যাওয়ার্ডস ২০২৬’। গত রোববার (২২ নভেম্বর) লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুতে বিকেল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত বিভিন্ন পর্বে অনুষ্ঠিত হয় এবারের আয়োজন। ২০২৪ সালে প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় এবারের দ্বিতীয় আসরে ব্যবসা, হসপিটালিটি, প্রযুক্তি, শিক্ষা ও কমিউনিটি খাতের উদ্যোক্তা ও পেশাজীবীদের ছিল চোখে পড়ার মতো অংশগ্রহণ।
ব্যবসায়িক প্রদর্শনী, অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিংয়ের পাশাপাশি স্ব-স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার মোট ২০টি সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়। হলভর্তি অতিথি ও দর্শকদের সামনে সফল উদ্যোক্তারা তাঁদের ব্যবসায়িক সাফল্যের পেছনের গল্প, অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং নতুন উদ্যোক্তা হয়ে উঠতে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত এক্সপোর প্রতিষ্ঠাতা আকরাম হুসাইন ও অন্যান্য অতিথিকে সঙ্গে নিয়ে ফিতা কেটে এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনের পর তিনি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পণ্য ও সেবার খোঁজখবর নেন। পরে অতিথিদের সঙ্গে নিয়ে বিবেকের ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।
উদ্বোধনী বক্তব্যে হাইকমিশনার মুহাম্মদ আবদুল মুহিত প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, বিবেকের এ ধরনের উদ্যোগ নতুন উদ্যোক্তা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং অভিজ্ঞ ও বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হওয়ায় উদ্যোক্তারা ব্যবসার পরিধি আরও বিস্তৃত করতে পারবেন।
কমিউনিটির পরিচিত মিডিয়া ব্যক্তিত্ব মেঘনা মিনারা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে বিবেকের কার্যক্রম নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। স্বাগত বক্তব্যে বিবেকের প্রতিষ্ঠাতা আকরাম হুসাইন বলেন, ‘আমি নিজেও একজন উদ্যোক্তা। আমি জানি, একটি ব্যবসা শুরু করা এবং সেটিকে সফলভাবে এগিয়ে নিয়ে যাওয়া কতটা চ্যালেঞ্জিং। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি উপলব্ধি করেছি, আমরা যদি একে অপরকে সহযোগিতা করি, নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করি, তাহলে সম্মিলিতভাবে আরও অনেক দূর এগিয়ে যেতে পারি।’ তিনি আরও বলেন, কেবল একটি ট্রফি তুলে দেওয়ার জন্য এই অ্যাওয়ার্ড আয়োজন করা হয়নি; বরং এর মাধ্যমে উদ্যোক্তাদের ব্র্যান্ড পরিচিতি বাড়ানো, আস্থা তৈরি করা এবং নতুন ব্যবসায়িক সুযোগের দরজা খুলে দেওয়াই মূল লক্ষ্য।
অ্যাওয়ার্ড প্রদান পর্বের আগে দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যবসায়িক পিচিং ও প্রেজেন্টেশনে অংশ নেয় বাংলাদেশ থেকে আগত এনআরবি ব্যাংক, নেলসন কলেজ লন্ডন এবং ওয়ার্ক পারমিট ক্লাউড। এরপর অনুষ্ঠিত হয় প্যানেল ডিসকাশন। অনুপ্রেরণামূলক বক্তব্য পর্বে ব্রিটিশ-বাংলাদেশি সফল উদ্যোক্তা হিসেবে নেলসন কলেজ লন্ডনের প্রফেসর নাজিম উদ্দিন এবং ওয়ার্ক পারমিট ক্লাউডের ব্যারিস্টার লুৎফুর রহমান তাঁদের সাফল্যের গল্প তুলে ধরার পাশাপাশি নতুন উদ্যোক্তাদের জন্য দিকনির্দেশনা দেন।
এবারের আসরে বেস্ট স্টার্টআপ অব দ্য ইয়ার হয়েছে PROJUKTI TEAM, ইয়াং এন্টারপ্রেনার অব দ্য ইয়ার Hanifa Khatun, এন্টারপ্রেনার অব দ্য ইয়ার রজ রহমান এবং উইমেন এন্টারপ্রেনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছেন Katie Hayward। প্রপার্টি এন্টারপ্রেনার অব দ্য ইয়ার ক্যাটাগরিতে BRAM Limited, প্রফেশনাল সার্ভিসেস বিজনেস অব দ্য ইয়ারে Mortgage Circle এবং টেকনোলজি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড পেয়েছে UK Professional Guarding Limited।
রেস্টুরেন্ট অব দ্য ইয়ার ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে BombayAvenue, Ballington Valley Indian Cuisine, Amazing Asia Buffet, The ঢাকা Restaurant, Blossom by Khan’s, The Rajdoot Indian Restaurant, Raj Garden, Raj Pavilion, Thé 1971 এবং Reema Bengali Indian Cuisine। টেকঅ্যাওয়ে অব দ্য ইয়ার সম্মাননা অর্জন করেছে A Garlic Authentic Indian Takeaway এবং শেফ অব দ্য ইয়ার হয়েছেন Ismail Hossain ও Jomon Kuriakose।
এ ছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য লন্ডন Enterprise Academy, ডিজিটাল ইনফ্লুয়েন্সার হিসেবে Milly Begum, ডিজিটাল ক্রিয়েটর হিসেবে Fuad Abdul-Aziz, কমিউনিটি ইমপ্যাক্ট অ্যাওয়ার্ডে British Bangla Welfare Trust, হসপিটালিটি খাতে দীর্ঘদিনের অবদানের জন্য UK Gas Cooker by সিলেট Welding এবং ব্যবসা ও কমিউনিটিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ BRAC Saajan Exchange Ltd. সম্মাননা লাভ করে।
আয়োজনটির পাওয়ার্ড বাই পার্টনার ও স্পনসর ছিল Nelson College লন্ডন এবং ইন অ্যাসোসিয়েশন উইথ পার্টনার ছিল NRB Bank PLC। এ ছাড়া স্ট্র্যাটেজিক পার্টনার UK Bangla Marketplace, ডিজিটাল মার্কেটিং পার্টনার Currywala Media, অফিসিয়াল মিডিয়া পার্টনার UK Bangla Live News এবং প্রিন্টিং পার্টনার হিসেবে ছিল এম আর প্রিন্টার। আয়োজনে সহযোগিতা করে ওয়ার্ক পারমিট ক্লাউড, রাধুনি ও এভারার্ডসহ আরও অনেক প্রতিষ্ঠান।
আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা বাড়াবে এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে প্রবাসে বাংলাদেশি পেশাজীবীদের সম্মিলিত অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।







