বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যুক্তরাজ্যের শীর্ষ কার্গো সেলস এজেন্ট হিসেবে সম্মানজনক স্বীকৃতি লাভ করেছে বিশিষ্ট পণ্য পরিবহনকারী প্রতিষ্ঠান ‘কার্গো ওয়্যারহাউস’। যুক্তরাজ্য থেকে বাংলাদেশে কার্গো পরিবহন ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্গো বিক্রয়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটিকে ‘কার্গো সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে।
এক জমকালো আয়োজনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যুক্তরাজ্যের কান্ট্রি ম্যানেজার রিয়াদ সুলাইমানের কাছ থেকে এই বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করেন কার্গো ওয়্যারহাউসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক মো. মিজানুল হকসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধিরা।
উল্লেখ্য, কার্গো ওয়্যারহাউস দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ব্যক্তিগত মালামালসহ বিভিন্ন অনুমোদিত বাণিজ্য পণ্য বাংলাদেশে নিরাপদে পাঠাতে নির্ভরযোগ্য সেবা দিয়ে আসছে। প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে প্রতিষ্ঠানটি বর্তমানে সিলেট অঞ্চলেও প্রতি সপ্তাহে নিয়মিত কার্গো শিপমেন্ট পরিচালনা করছে। বিমান কর্তৃপক্ষের এই স্বীকৃতি কার্গো ওয়্যারহাউসের আন্তর্জাতিক বাণিজ্যিক অগ্রগতি ও গ্রাহকসেবায় এক নতুন মাইলফলক হিসেবে যুক্ত হলো।





