যুক্তরাজ্যে অন্তত ৭০ জন কিশোরীকে অনলাইনে প্রতারণার ফাঁদে ফেলে যৌন নিপীড়ন ও আপত্তিকর ছবি-ভিডিও পাঠাতে বাধ্য করার দায়ে বিলাল কাজী (২৭) নামের এক ভারতীয় শিক্ষার্থীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন চেস্টার ক্রাউন কোর্ট। ইউনিভার্সিটি অফ চেস্টারের এই সাবেক শিক্ষার্থী ২০২১ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত স্ন্যাপচ্যাট, উইঙ্ক (Wink) এবং রবলক্সের (Roblox) মতো জনপ্রিয় অ্যাপ ব্যবহার করে ১০ থেকে ১৭ বছর বয়সী কিশোরীদের নিশানা বানিয়েছিলেন। অশ্লীল ছবি তৈরি, ব্ল্যাকমেইল এবং শিশুদের যৌন কর্মকাণ্ডে প্ররোচিত করাসহ মোট ৩৭টি গুরুতর অভিযোগে দোষ স্বীকার করার পর আদালত তাকে এই সাজা দেন। রায় অনুযায়ী, প্যারোলের যোগ্য হওয়ার আগে তাকে অন্তত ২০ বছর কারাগারে কাটাতে হবে এবং আজীবন যৌন অপরাধীদের নিবন্ধন তালিকায় তার নাম অন্তর্ভুক্ত থাকবে।
আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, বিলাল কাজী এক শ্বেতাঙ্গ ব্রিটিশ কিশোরের ছবি চুরি করে এবং ‘রিস’ (Reece) ছদ্মনাম ব্যবহার করে নিজেকে ১৪ বছর বয়সী কিশোর হিসেবে পরিচয় দিতেন। এই পরিচয়ে তিনি ভুক্তভোগীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন এবং ধীরে ধীরে তাদের কাছ থেকে অন্তরঙ্গ ছবি ও ভিডিও আদায় করতেন। কেউ ছবি দিতে অস্বীকৃতি জানালে বা সম্পর্ক ছিন্ন করতে চাইলে কাজী পূর্বে সংগৃহীত ছবি তাদের পরিবার ও বন্ধুদের কাছে ফাঁস করে দেওয়ার হুমকি দিতেন। এমনকি কয়েকজন ভুক্তভোগীর সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে তিনি সেসব আপত্তিকর ছবি অনলাইনে ছড়িয়েও দিয়েছিলেন। পরবর্তীতে ২০২১ সালের ডিসেম্বরে ডার্বিশায়ার পুলিশের কাছে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং ২০২৩ সালের ২১ জুলাই হিথ্রো বিমানবন্দর দিয়ে যুক্তরাজ্যে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
সাজা ঘোষণার সময় বিচারক স্টিফেন এভারেট বিলাল কাজীকে একজন ‘অত্যন্ত বিপজ্জনক যৌন শিকারি’ হিসেবে অভিহিত করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপত্তার দুর্বলতাকে কাজে লাগিয়ে তিনি অসংখ্য শিশুর শৈশব ও জীবনের স্বাভাবিক নিরাপত্তা কেড়ে নিয়েছেন। আদালতে পাঠ করা জবানবন্দিতে ভুক্তভোগীরা জানান, এই ঘটনার ট্রমায় তাদের অনেকেই তীব্র মানসিক উদ্বেগ ও খাদ্যাভ্যাসজনিত সমস্যায় ভুগছেন এবং কেউ কেউ আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। তদন্তকারী চেশায়ার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি এবং সন্তানদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হয়ে সন্তানরা কোন অ্যাপ ব্যবহার করছে ও কাদের সঙ্গে যোগাযোগ রাখছে, সে বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া জরুরি।






