যুক্তরাজ্যের শিক্ষা মানদণ্ড তদারকি সংস্থা অফস্টেডের (Ofsted) নতুন পরিদর্শন কাঠামোর আওতায় ছয়টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ‘অসাধারণ’ (Exceptional) রেটিং অর্জন করেছে পূর্ব লন্ডনের বো (Bow) এলাকায় অবস্থিত ক্লারা গ্র্যান্ট প্রাইমারি স্কুল। ‘দ্য বলিন ট্রাস্ট’ পরিচালিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের সাফল্য, পাঠ্যক্রম ও শিক্ষাদান, প্রারম্ভিক শিক্ষা (আর্লি ইয়ার্স), অন্তর্ভুক্তি, নেতৃত্ব ও পরিচালনা এবং ব্যক্তিগত উন্নয়ন ও কল্যাণ—এই ছয়টি বিভাগেই সর্বোচ্চ মান অর্জন করে দেশের অন্যতম সেরা স্কুল হিসেবে নিজেদের অবস্থান নিশ্চিত করেছে।
অফস্টেডের সংজ্ঞায় ‘অসাধারণ’ মান বলতে জাতীয় পর্যায়ের সর্বোচ্চ মানদণ্ডকে বোঝানো হয়, যা থেকে দেশের অন্যান্য স্কুলগুলো শিক্ষা নিতে পারে। পরিদর্শন প্রতিবেদনে বিশেষ করে সুবিধাবঞ্চিত এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের জীবনে স্কুলটির রূপান্তরমূলক ইতিবাচক প্রভাবের ভূয়সী প্রশংসা করা হয়েছে। চার বছর আগে ‘ভালো’ (Good) রেটিং পাওয়া এই স্কুলটি বর্তমানে শিক্ষার সব প্রতিবন্ধকতা দূর করে শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত বিকাশে অনন্য নজির স্থাপন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
স্কুলটির প্রধান শিক্ষক রুবেল আলম এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন যে, তারা তাদের শিক্ষার্থী ও কর্মীদের নিয়ে অত্যন্ত গর্বিত এবং এই ফলাফল স্কুলটির প্রতিদিনের যত্ন, উচ্চাকাঙ্ক্ষা ও শ্রেষ্ঠত্বের সংস্কৃতিরই প্রতিফলন। স্কুলের নির্বাহী প্রধান শিক্ষক এমা ও’কনর এবং দ্য বলিন ট্রাস্টের প্রধান নির্বাহী সারাহ ল্যাক এই অর্জনকে পুরো টাওয়ার হ্যামলেটস এলাকার জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করে জানান, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে সেবা দিয়েও যে জাতীয় পর্যায়ে শিক্ষার শ্রেষ্ঠত্বের মডেল হওয়া যায়, ক্লারা গ্র্যান্ট প্রাইমারি স্কুল তা প্রমাণ করেছে।





