যুক্তরাজ্যের কর্নওয়ালের পোর্টরিথ সৈকতে ঘটেছে এক অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। ২০২০ সালে যে সৈকতের পাহাড়ের নিচে ১৮ বছর বয়সী ছেলে ইউয়ানের মৃত্যু হয়েছিল, চার বছর পর ঠিক একই স্থানে উদ্ধার করা হয়েছে মা শারমেইন লিন জর্জের মরদেহ। গত ৫ অক্টোবর ৫২ বছর বয়সী এই নারীর মৃতদেহ কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়। ট্রুরোর কর্নার আদালতে এ ঘটনার প্রাথমিক আইনি শুনানি শুরু হয়েছে, তবে পুলিশ প্রাথমিকভাবে একে কোনো সন্দেহজনক মৃত্যু বলে মনে করছে না।
লন্ডনের বাসিন্দা শারমেইন সন্তান হারানোর পর ভেঙে না পড়ে শোকার্ত পরিবারগুলোকে মানসিক সহায়তা দিতে আত্মনিয়োগ করেছিলেন। তিনি ‘গ্রিফ ক্যাফে’ ও ‘গুড গ্রিফ ট্রাস্ট’-এর মাধ্যমে কর্নওয়ালজুড়ে অসংখ্য মানুষকে সমবেদনা ও সহমর্মিতা জুগিয়েছেন। মানসিক স্বাস্থ্য সুরক্ষায় এই অসাধারণ অবদানের জন্য ২০২১ সালে তিনি মর্যাদাপূর্ণ ‘ক্যারোলিন ফ্ল্যাক মেন্টাল হেলথ হিরো অ্যাওয়ার্ড’-এ ভূষিত হন। তার এই আকস্মিক প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে গুড গ্রিফ ট্রাস্টসহ বহু সাধারণ মানুষ।






