যুক্তরাজ্যে একই সময়ে গোপনে একাধিক সরকারি চাকরি বা ‘পলিগ্যামাস ওয়ার্কিং’ (বহুবিবাহের আদলে একাধিক চাকরি) করার অভিযোগে তিন শতাধিক সরকারি কর্মী ধরা পড়েছেন। ব্রিটিশ মন্ত্রিপরিষদ কার্যালয়ের (ক্যাবিনেট অফিস) ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভের তথ্য অনুযায়ী, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত অন্তত ৩০১ জন সরকারি কর্মচারীকে এভাবে একাধিক দপ্তরে কাজ করতে গিয়ে শনাক্ত করা হয়েছে এবং গত এক দশকে তাদের কাছ থেকে অবৈধভাবে নেওয়া বেতন বাবদ প্রায় ১৩ লাখ ৫০ হাজার পাউন্ড উদ্ধার করা হয়েছে। লন্ডনের এক সরকারি কর্মকর্তা একই সময়ে পাঁচটি পূর্ণকালীন (ফুল-টাইম) চাকরি করার দায়ে প্রতারণার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর এই চাঞ্চল্যকর তথ্য সামনে এলো।
সোমবার সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে কাশিম চৌধুরী নামের ওই সরকারি কর্মকর্তাকে একই সময়ে একাধিক সিভিল সার্ভিস চাকরি করার নয়টি প্রতারণার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালতকে জানানো হয়, কোভিড-১৯ মহামারির সময় বাড়ি থেকে কাজ করার (রিমোট ওয়ার্ক) সুযোগকে কাজে লাগিয়ে তিনি একাধিক চাকরি গোপন রাখতেন এবং কাজের চাপ সামলাতে বিভিন্ন দপ্তর থেকে অসুস্থতাজনিত ছুটি (সিক লিভ) নিতেন। এমনকি একটি ঘটনায় বসের সঙ্গে ভিডিও কলে নিজেকে অসুস্থ দেখাতে তিনি মুখে সাদা মেকআপ মেখেছিলেন বলেও প্রসিকিউটর আদালতকে জানান।
২০২০ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের মধ্যে তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল, ডেফরা (Defra), ইস্ট লন্ডন এনএইচএস ট্রাস্ট, স্বাস্থ্য ও সামাজিক পরিচর্যা বিভাগ এবং হোম অফিসসহ মোট আটটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ লাখ ৫০ হাজার পাউন্ড উপার্জন করেন। ২০২৩ সালের মে মাসে তিনি একসঙ্গে পাঁচটি পূর্ণকালীন পদের বেতন নিচ্ছিলেন এবং এক পর্যায়ে সপ্তাহে ১৮৩ ঘণ্টা কাজের চুক্তিতে আবদ্ধ ছিলেন—যা সপ্তাহের মোট ১৬৮ ঘণ্টার চেয়েও বেশি। ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানিয়েছে, অপরাধলব্ধ সম্পদ পুনরুদ্ধার আইনের আওতায় তার এই অবৈধ উপার্জন ফেরত নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনসের এক মুখপাত্র জানিয়েছেন যে, করদাতাদের কষ্টার্জিত অর্থ সুরক্ষায় ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং কেবল ২০২৪-২৫ অর্থবছরেই এমন আরও ১৩টি ঘটনা শনাক্ত করা হয়েছে। উল্লেখ্য, যুক্তরাজ্যে সিভিল সার্ভিসের কর্মীসংখ্যা ২০২১ সালের ৩ লাখ ৮২ হাজার ৯৪৫ জন থেকে বেড়ে গত বছর ৪ লাখ ৪২ হাজার ছাড়িয়ে গেছে, যার ফলে এমন জালিয়াতি রোধে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।





