বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে যুক্তরাজ্যের লন্ডনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে যুক্তরাজ্যে বসবাসরত দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ‘সিলেট-৩’ নির্বাচনী আসনের ঐতিহ্যবাহী ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ নেতা রোম্মান আহমেদের পরিচালনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। প্রতিবাদ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবদুর রকিব জুয়েল ও সাবেক সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুনেদ আহমেদ ও সাবেক সাধারণ সম্পাদক ফারহান সাদিক, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফাহিম আহমেদ এবং যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা আদনান খান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন ও সভাপতি রিয়াজ মাহমুদ, এবং যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমেদ ও সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়া।
সমাবেশে বক্তারা তাদের ওপর আরোপিত এই রায়কে ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের জোরালো দাবি জানান। একই সঙ্গে আগামী ডিসেম্বরে দলীয় প্রধান শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে পুনঃপ্রত্যাবর্তনের দৃঢ আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত নেতাকর্মীরা।





