জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-লন্ডন ও ঢাকা-ম্যানচেস্টার রুটে যাত্রীসেবার মান উন্নয়ন, অতিরিক্ত লাগেজের চার্জ প্রত্যাহার এবং ঢাকা ও সিলেট বিমানবন্দরে ট্রলি সংকট সমাধানসহ প্রবাসীদের হয়রানি বন্ধে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ‘ইউকে বাংলা সোসাইটি’।
গত সোমবার পূর্ব লন্ডনের একটি হলরুমে সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মী সভায় এই জোরালো আহ্বান জানানো হয়।
ইউকে বাংলা সোসাইটির সভাপতি মোহাম্মদ আজম আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দারা মিয়া ও যুগ্ম সাধারণ সম্পাদক গয়াছুর রহমান গয়াছের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের উপদেষ্টা হাফিজ মোহাম্মদ জিলু খান।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র মোহাম্মদ শাহিদ আলী।
এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ আছাদুজ্জামান আছাদ, রেবেকা জাহান রুজী, সেলিম চৌধুরী, মোতাব্বির হোসেন সুনু, আব্দুস ছাত্তার, কয়ছর মিয়া, সেলিম আহমদ, জলিল চৌধুরী, আজাদ মিয়া, মিসলু খান, আলহাজ বুলু মিয়া, কদরিছ আলী, সিকন্দর আলী, খছরু মিয়া এবং গোলাব আলীসহ আরও অনেকে।
কর্মী সভায় বক্তারা আরও বলেন, প্রবাসীদের শুধু ভোটাধিকার দেওয়াই যথেষ্ট নয়, নির্বাচনে সরাসরি অংশ নেওয়ার অধিকারও দেওয়া উচিত। এর পাশাপাশি বাংলাদেশে সার্বিক আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা আরও জোরদার করার তাগিদ দেন সংগঠনের নেতৃবৃন্দ।





