যুক্তরাজ্যে সাধারণ আশ্রয়প্রার্থীদের ভুয়া সমকামী সাজিয়ে লাখ লাখ পাউন্ড হাতিয়ে নেওয়ার অভিযোগে পূর্ব লন্ডন থেকে সাজ্জাদ মিয়া (৪২) নামের এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন এনফোর্সমেন্ট বিভাগ।
সিলেটের বাসিন্দা সাজ্জাদের বিরুদ্ধে অভিযোগ, সোজা বা অ-সমকামী ব্যক্তিদের সমকামী সাজিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদন তৈরির বিনিময়ে তিনি প্রতি প্যাকেজে সাড়ে চার হাজার পাউন্ড পর্যন্ত অর্থ নিতেন। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের ভাইন কোর্ট বিজনেস সেন্টারে অবস্থিত ‘আপনজন’ নামের একটি সংস্থার কার্যালয়ে অভিযান চালিয়ে সাজ্জাদসহ তিনজনকে আটক করা হয়। গোয়েন্দারা জানান, প্রাইড প্যারেডে ছবি তোলা, নাইটক্লাবে উপস্থিতি এবং ভুয়া প্রত্যয়নপত্র তৈরি করে ইউরোপীয় মানবাধিকার কনভেনশনের সুরক্ষাকে অপব্যবহার করা হতো। হোম অফিস বর্তমানে এই সংস্থার মাধ্যমে করা শতাধিক আবেদন খতিয়ে দেখছে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মানবিক সুরক্ষাকে পুঁজি করে যারা এমন জালিয়াতি চক্র গড়ে তুলেছে, তাদের সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডসহ ভুয়া নথিতে আশ্রয় পাওয়া ব্যক্তিদের স্ট্যাটাস বাতিল করে নিজ দেশে ফেরত পাঠানো হবে।





