যুক্তরাজ্যের রাজনীতিতে সাবেক কনজারভেটিভ ক্যাবিনেট মন্ত্রী মাইকেল গভের পুরোনো এক স্বীকারোক্তি নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে।
বিবিসি রেডিও ফোর-এর ‘দ্য মিউজিয়াম অব কিউরিওসিটি’ অনুষ্ঠানের একটি ভাইরাল অডিও ক্লিপে দেখা যায়, তৎকালীন শিক্ষামন্ত্রী থাকাকালে মাইকেল গভ বর্তমান লর্ড চ্যান্সেলর ও বিচারমন্ত্রী শাবানা মাহমুদকে ‘অনিন্দ্যসুন্দরী’ ও ‘অসাধারণ’ বলে আখ্যা দিয়েছিলেন। এমনকি পার্লামেন্টারি বিতর্কের বাইরেও ইন্টারনেটে শাবানা মাহমুদের ছবি দেখে সময় কাটানোর কথা অকপটে স্বীকার করেছিলেন তিনি। বর্তমানে ব্রিটিশ সাময়িকী ‘দ্য স্পেক্টেটর’-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মাইকেল গভ। অন্যদিকে, অক্সফোর্ড-শিক্ষিত ব্যারিস্টার ও বার্মিংহাম লেডিউডের এমপি শাবানা মাহমুদ দেশের প্রথম মুসলিম নারী লর্ড চ্যান্সেলর হিসেবে স্টারমার সরকারের গুরুত্বপূর্ণ বিচার সংস্কার কার্যক্রম সামলাচ্ছেন। দুজনের বিপরীতমুখী রাজনৈতিক পথচলা সত্ত্বেও এই পুরোনো মিষ্টি জল্পনা ওয়েস্টমিনস্টারের অন্দরমহলে নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে।





