মেট্রোপলিটন পুলিশের প্রকাশিত সর্বশেষ সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর মাসে পূর্ব লন্ডনের ছয়টি বারার মধ্যে সবচেয়ে বেশি অপরাধের ঘটনা নথিভুক্ত হয়েছে নিউহ্যামে (Newham)। তবে সামগ্রিকভাবে পূর্ব লন্ডনের এই ছয়টি বারায়—নিউহ্যাম, টাওয়ার হ্যামলেটস, রেডব্রিজ, ওয়ালথাম ফরেস্ট, বার্কিং ও ড্যাগেনহ্যাম এবং হ্যাভারিংয়ে—অক্টোবরে মোট ১৪,০৪০টি অপরাধের অভিযোগ জমা পড়েছে, যা আগের মাস সেপ্টেম্বরের (১৪,২৯৬টি) তুলনায় ১.৭৯ শতাংশ কম।
তালিকার শীর্ষে থাকা নিউহ্যাম বারায় অক্টোবরে মোট ৩,৫০৩টি অপরাধ নথিভুক্ত হয়েছে, যা সেপ্টেম্বরের ৩,৪৬৮টির তুলনায় সামান্য বেশি। এই বারায় সবচেয়ে বেশি ঘটেছে চুরির ঘটনা (১,১৩৪টি), এরপরই রয়েছে ব্যক্তির বিরুদ্ধে সহিংসতা (৮৮৭টি) এবং যানবাহন সংক্রান্ত অপরাধ (৪৩৬টি)।
অপরাধের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস (Tower Hamlets)। অক্টোবরে এই বারায় মোট ৩,২৮৬টি অপরাধের খবর পাওয়া গেছে, যা সেপ্টেম্বরের (৩,৪৬১টি) তুলনায় ৫.০৫ শতাংশ কম। টাওয়ার হ্যামলেটসে চুরি (১,১৭৮টি), সহিংসতা (৮৮৩টি) এবং মাদক সংক্রান্ত অপরাধ (২২৩টি) সবচেয়ে বেশি ঘটেছে; যার মধ্যে একমাত্র মাদক সংক্রান্ত অপরাধ আগের মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে।
পূর্ব লন্ডনের অন্যান্য বারার মধ্যে রেডব্রিজে ২,০৮৩টি, ওয়ালথাম ফরেস্টে ১,৮১৪টি এবং বার্কিং ও ড্যাগেনহ্যামে ১,৭১২টি অপরাধের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এই তিনটি বারাতেই ব্যক্তির বিরুদ্ধে সহিংসতা ও চুরির ঘটনা ছিল সবচেয়ে বেশি। অন্যদিকে, সেপ্টেম্বরের মতো অক্টোবর মাসেও পূর্ব লন্ডনের ছয়টি বারার মধ্যে সবচেয়ে কম অপরাধ সংঘটিত হয়েছে হ্যাভারিংয়ে (Havering), যেখানে মোট ১,৬৪২টি অপরাধের তথ্য রেকর্ড করেছে মেট্রোপলিটন পুলিশ।





