খাদ্যের নিম্নমান এবং ইঁদুর, তেলাপোকা ও ক্ষতিকর পোকা-মাকড়ের প্রাদুর্ভাবের অভিযোগে যুক্তরাজ্যের বার্মিংহামের বেশ কয়েকটি রেস্তোরাঁ, টেকঅ্যাওয়ে ও দোকানকে বিপুল অঙ্কের জরিমানা করেছে আদালত। এছাড়া বেশ কিছু প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গত অক্টোবর মাস জুড়ে বার্মিংহাম ম্যাজিস্ট্রেট কোর্টের বিশেষ ‘করপোরেশন কোর্টে’ বার্মিংহাম সিটি কাউন্সিলের দায়ের করা মামলাগুলোর শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।
আদালতের মুখোমুখি হওয়া প্রতিষ্ঠানগুলোর তালিকা ও নেওয়া পদক্ষেপের বিবরণ নিচে তুলে ধরা হলো:
সাম ইউ রেস্তোরাঁ (Sum Yue Restaurant) মাসহাউস লেনের টিন টিন ফুড হলে অবস্থিত এই রেস্তোরাঁটির ফ্লোর, সিঙ্ক, ফ্রিজ, মাইক্রোওয়েভ ও কুকিং সরঞ্জাম নোংরা রাখার অপরাধে পরিচালক চুং ইয়েন ইউ ছয়টি স্বাস্থ্যবিধি ভঙ্গের কথা স্বীকার করেন। আদালত কোম্পানিটিকে ৩,৫০০ পাউন্ড জরিমানা, ১,৪০০ পাউন্ড সারচার্জ এবং ৩,৪৭৭.৩০ পাউন্ড আইনি খরচ পরিশোধের নির্দেশ দেন।
চারকোল গ্রিল ও প্রাইম শপ (Charcoal Grill & Prime Shop) অ্যালুম রক রোডে অবস্থিত চারকোল গ্রিলে তেলাপোকা এবং প্রাইম শপে ইঁদুর ও তেলাপোকার উপস্থিতি মেলায় ৯ অক্টোবর পৃথক শুনানিতে উভয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবসা বন্ধের আদেশ (Hygiene Emergency Protection Order) জারি করা হয়। সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত প্রতিষ্ঠান দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ওখার্স্ট নিউজ এক্সপ্রেস (Oakhurst News Express) গত ৭ অক্টোবর পরিদর্শনের সময় দোকানটিতে ইঁদুরের বিষ্ঠা, রক্ত এবং ইঁদুরে কাটা খাবারের প্যাকেট পান কর্মকর্তারা। ৯ অক্টোবরের শুনানিতে আদালতকে জানানো হয় যে, দোকান কর্তৃপক্ষ ইতোমধ্যেই সব সমস্যা সমাধান করেছে এবং বর্তমানে জনস্বাস্থ্যের জন্য কোনো ঝুঁকি নেই।
শিনওয়ারি দরবার (Shinwari Darbar) স্ট্র্যাটফোর্ড রোডের এই সাবেক রেস্তোরাঁয় গত বছরের জুনে ও সেপ্টেম্বরে ইঁদুর ও তেলাপোকা পাওয়া যায়। এর সাবেক পরিচালক জিয়া গোন্দাল জানান, ব্যবসা বাঁচাতে সব হারিয়ে তিনি দেশে ফিরে গেছেন। আদালত তাকে ১,২০০ পাউন্ড জরিমানা, ৪৮০ পাউন্ড ভিকটিম সারচার্জ এবং ৯৩৩ পাউন্ড প্রসিকিউশন খরচ দেওয়ার নির্দেশ দিয়েছেন।
হট অ্যান্ড স্পাইসি (Hot and Spicy) কোভেন্ট্রি রোডের এই রেস্তোরাঁয় তিন মাসের ব্যবধানে দুইবার ইঁদুরের উপদ্রব দেখা যায়। পরিচালক জুলফিকার খান ছটি অপরাধের কথা স্বীকার করেন। তাকে ৬৯১ পাউন্ড জরিমানা, ২৭৬ পাউন্ড সারচার্জ ও ৩,১৫১ পাউন্ড আইনি খরচ পরিশোধের আদেশ দেওয়া হয়েছে।
আল মদিনা বেকারিজ লিমিটেড (Al Medina Bakery Ltd) নিষিদ্ধ কেমিক্যালযুক্ত পানীয় অনুসন্ধানের সময় স্ট্র্যাটফোর্ড রোডের এই বেকারিতে ইঁদুর ও মৃত তেলাপোকা পান পরিবেশ স্বাস্থ্য কর্মকর্তারা। গত ২৬ অক্টোবর ম্যাজিস্ট্রেট আদালত প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবসা স্থগিতের নির্দেশ জারি করেন।
মোহাম্মদী সুইটস অ্যান্ড রেস্তোরাঁ (Mohammadi Sweets and Restaurant) স্ট্র্যাটফোর্ড রোডের এই জনপ্রিয় মিষ্টি ও খাবারের দোকানটিতে গত বছরের ফেব্রুয়ারি ও আগস্টে পৃথক পরিদর্শনে ইঁদুর ও তেলাপোকার উপস্থিতি ধরা পড়ে। আদালত কোম্পানিটিকে ১৮,০০০ পাউন্ড জরিমানা, ৭,২০০ পাউন্ড সারচার্জ ও ১,৯০২ পাউন্ড খরচ এবং পরিচালক ফখর জামানকে ১,৩৯৯ পাউন্ড জরিমানা, ৫৬০ পাউন্ড সারচার্জ ও ১,৯০২ পাউন্ড আইনি খরচসহ সর্বমোট ৩০,০০০ পাউন্ডের বেশি অর্থ দণ্ড প্রদান করেন।





