যুক্তরাজ্যের রিফর্ম ইউকে পার্টির নেতা নাইজেল ফারাজের নির্বাচনী প্রচারণায় নিয়োজিত থাকা একজন নিরাপত্তাকর্মী ধর্ষণের দায়ে অভিযুক্ত হয়ে সাড়ে আট বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তি রায়ান ডিনেজকে গত এপ্রিল ও মে মাসে ফারাজের সাথে বিভিন্ন নির্বাচনী গণসংযোগে বডিগার্ড হিসেবে দেখা যায়। অথচ তিনি ২০২২ সালে উইন্ডসর হর্স শোতে এক নারীকে ঘুমের মধ্যে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়ে আদালতের বিচার প্রক্রিয়ার মুখোমুখি ছিলেন এবং পরবর্তীতে জুলাই মাসে দোষী সাব্যস্ত হন।
এই ঘটনা প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক অঙ্গনে ভিটিং ব্যবস্থা বা নিরাপত্তাকর্মী বাছাই প্রক্রিয়ার চরম ব্যর্থতা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। লেবার পার্টি এ বিষয়ে রিফর্ম ইউকে এবং নাইজেল ফারাজের তীব্র সমালোচনা করে অবিলম্বে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে রিফর্ম ইউকের পক্ষ থেকে বলা হয়েছে, একজন থার্ড-পার্টি কন্ট্রাক্টরের মাধ্যমে ওই নিরাপত্তাকর্মীকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং বিষয়টি জানার পরপরই তাকে দলীয় কাজ থেকে সম্পূর্ণ বরখাস্ত করা হয়।





