আয়ারল্যান্ডের ডাবলিনে অবস্থিত ট্রিনিটি কলেজে সফরকালে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভের মুখে পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ১০ নভেম্বর (মঙ্গলবার) তার ছেলে হান্টার বাইডেনকে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক সোসাইটি (দ্য হিস্ট) কর্তৃক একটি শীর্ষ সম্মাননা প্রদানের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হন। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাইডেনকে লক্ষ্য করে দুধের কার্টন ও অন্যান্য বস্তু নিক্ষেপ করে, যা নিরাপত্তারক্ষীরা ছাতা দিয়ে প্রতিহত করেন।
গাজা যুদ্ধে ইসরায়েলকে সমর্থন ও অস্ত্র সরবরাহের অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হয়ে ‘জেনোসাইড জো’ (গণহত্যাকারী জো) এবং ‘তোমার হাতে রক্তের দাগ’ বলে স্লোগান দিতে থাকে। বিক্ষোভ বড় আকার ধারণ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইরিশ পুলিশ (গার্দাই) লাঠিচার্জ ও পিপার স্প্রে ব্যবহার করে এবং ঘটনাস্থল থেকে অন্তত দুইজনকে গ্রেপ্তার করে। তবে দুধের কার্টনগুলো নিরাপত্তারক্ষীদের ছাতায় আটকে যাওয়ায় বাইডেন বা তার পরিবারের কোনো সদস্য সরাসরি আঘাত পাননি এবং তারা অক্ষত অবস্থায় স্থান ত্যাগ করেন।
এদিকে, শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের এমন কঠোর অবস্থান ও বলপ্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে ট্রিনিটি কলেজ ডাবলিন স্টুডেন্টস ইউনিয়ন এবং আয়ারল্যান্ডের জাতীয় ছাত্র ইউনিয়ন। এক যৌথ বিবৃতিতে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টির সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানিয়েছে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রকাশ ও ক্ষমতাসীনদের জবাবদিহিতা চাওয়ার অধিকার শিক্ষার্থীদের রয়েছে বলে উল্লেখ করেছে। উল্লেখ্য, এই সফরে জো বাইডেন ও তার পরিবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী (তাওইসেখ) মাইকেল মার্টিনের সাথেও সাক্ষাৎ করেন, যেখানে প্রধানমন্ত্রী মার্টিন শান্তি প্রক্রিয়া ও ব্রেক্সিট ইস্যুতে আয়ারল্যান্ডকে সমর্থন দেওয়ার জন্য বাইডেনকে ধন্যবাদ জানান।





