দীর্ঘদিন ধরে বেকার ও অসুস্থতাজনিত কারণে কর্মসংস্থানের বাইরে থাকা মানুষদের ফেরাতে সরকারের নেওয়া ১.২ বিলিয়ন পাউন্ড ব্যয়ের ‘কানেক্ট টু ওয়ার্ক’ (Connect to Work) কর্মসূচি বড় ধরনের ব্যর্থতার মুখে পড়েছে। ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস (DWP)-এর পরিসংখ্যান অনুযায়ী, প্রথম বছরে ৩০ হাজার মানুষকে যুক্ত করার লক্ষ্য থাকলেও মাত্র ১৩ হাজার ৯০০ জন এতে অংশ নিয়েছেন। এমনকি ব্যর্থতা ঢাকতে সরকার কৌশলে লক্ষ্যমাত্রা কমিয়ে ১৭ হাজার ৯৫৪ জনে নামিয়ে আনলেও, শেষ পর্যন্ত তাও অর্জিত হয়নি। বর্তমান পরিসংখ্যান বলছে, চাকরিপ্রত্যাশী ও প্রতিবন্ধী মানুষের কাছে পৌঁছাতে এই প্রকল্প পুরোপুরি ব্যর্থ হচ্ছে।
‘সেন্টার ফর গভর্নমেন্ট রিফর্ম’-এর প্রধান নির্বাহী আমির কোটেচাসহ বিভিন্ন দাতব্য সংস্থা সরকারের এই ব্যর্থতার তীব্র সমালোচনা করে এর জবাবদিহিতা দাবি করেছেন। বিরোধী দলের ছায়া মন্ত্রী হেলেন হোয়েটলি লেবার প্রশাসনের সমালোচনা করে বলেছেন যে তারা কল্যাণমূলক সংস্কারে পুরোপুরি ব্যর্থ হয়েছেন, যার ফলে ৩৬ লাখের বেশি মানুষ অসুস্থতাজনিত ভাতার ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন। মেনক্যাপের মতো সংস্থাগুলোও জানিয়েছে যে শেখন প্রতিবন্ধী মানুষেরা কাজ করতে আগ্রহী হলেও সঠিক পদ্ধতির অভাবে তারা এই সুবিধার বাইরে থেকে যাচ্ছেন, যা সরকারের অর্থনৈতিক নিষ্ক্রিয়তা সংকট মোকাবিলা প্রচেষ্টাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে।





