মরক্কোর জনপ্রিয় উপকূলীয় পর্যটন শহর আগাদিরের একটি হোটেল কক্ষ থেকে দুই ব্রিটিশ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ওই একই হোটেলের আরও অন্তত দুইজন অতিথিকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, হোটেল কর্মীরা কক্ষের ভেতরে ওই দুই ব্রিটিশ নাগরিকের মরদেহ দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে হোটেল কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশের ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে কক্ষটি পরীক্ষা করে এবং আলামত সংগ্রহ করে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো আগাদিরের হাসান দ্বিতীয় আঞ্চলিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অসুস্থ অপর দুই অতিথিকে অ্যাম্বুলেন্সযোগে আগাদিরের একটি বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে মরক্কো কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে তদন্তকারীরা হোটেলের রান্নাঘর, ছাদ ও আশপাশের স্থাপনাগুলোতে তল্লাশি চালিয়েছেন এবং খাদ্যে বিষক্রিয়া (ফুড পয়জনিং) অথবা গ্যাস লিকেজের বিষয়টি সম্ভাব্য কারণ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন, মরক্কোতে দুই ব্রিটিশ নাগরিকের মৃত্যুর বিষয়ে তারা অবগত রয়েছেন এবং ভুক্তভোগীদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। উল্লেখ্য, এর মাত্র কয়েক সপ্তাহ আগেই আগাদিরের একটি হোটেলে ছুটি কাটাতে গিয়ে বোল্টনের বাসিন্দা ৩১ বছর বয়সী ক্লেয়ার মিচেল নামের অপর এক ব্রিটিশ পর্যটকের মৃত্যু হয়েছিল।





