বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা প্রায় চার শতাধিক প্রতিনিধি, অতিথি ও কমিউনিটি নেতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়ে গেল ‘গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় জাতীয় সম্মেলন ২০২৬। গত ১১ই অক্টোবর পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে এই সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়।
সংগঠনের ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং হেলেন ইসলাম ও মোহাম্মদ তাজুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলার মোহাম্মদ ইসলাম। এছাড়াও সম্মেলনে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের ১০টি রিজিওনাল ও ৮টি শাখা কমিটির নেতৃবৃন্দসহ প্রবাসীদের বিশিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২০২৬-২৮ মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে সংগঠন পরিচালনার মূল দায়িত্বে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আশরাফ মিয়া এবং কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন মিসেস হেলেন ইসলাম।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর উপস্থিত সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের ন্যায্য অধিকার আদায়, সিলেটের সার্বিক উন্নয়ন এবং প্রবাসে কমিউনিটির ঐক্য ধরে রাখতে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে।
সম্মেলনে উপস্থিত বক্তারা যুক্তরাজ্যপ্রবাসী ও সিলেটবাসীর স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু জোরালো দাবি উপস্থাপন করেন। এর মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ অন্যান্য বিদেশী এয়ারলাইন্সের সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু, বিমানের অস্বাভাবিক ভাড়া কমানো, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট দূরীকরণ ও যাত্রীদের হয়রানি বন্ধ করা এবং ঢাকা-সিলেট ৬-লেন মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানানো হয়।
সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ নামে একটি দৃষ্টিনন্দন স্মারক ম্যাগাজিন প্রকাশ করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে জাতীয় সংগীত, সিলেটের আঞ্চলিক গান, কবিতা আবৃত্তি এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি রকমারি খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রবাসের মাটিতে সিলেটবাসীর এক স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়।





