যুক্তরাজ্যে প্রবাসী গোলাপগঞ্জবাসীদের শীর্ষ সামাজিক সংগঠন ‘গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে’র নবনির্বাচিত কার্যকরী কমিটির (২০২৬-২০২৮ সেশন) অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৯ অক্টোবর সোমবার লন্ডনের একটি অভিজাত মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আসা গোলাপগঞ্জ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য, সামাজিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত প্যানেলের নেতৃবৃন্দকে আনুষ্ঠানিকভাবে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আবুল মনসুর অহিদ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার শামীম আহমেদ ও মুছলেহ উদ্দিন।
শপথ গ্রহণ শেষে বিদায়ী কমিটির সভাপতি এমদাদ হোসেন টিপু নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। উল্লেখ্য, গত আগস্ট মাসে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে এই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
তিন পর্বের এই জমকালো অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম নজরুল। সংগঠনের সাবেক সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তমিজুর রহমান রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন তামজিদ কাদির। এরপর পরিবেশিত হয় জাতীয় সংগীত।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নবনির্বাচিত সভাপতি ও বিদায়ী সাধারণ সম্পাদক মাসুক আহমেদের সভাপতিত্বে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে প্রবাসীদের কল্যাণ ও সমাজসেবায় সংগঠনের অগ্রযাত্রাকে আরও বেগবান করার সংকল্প ব্যক্ত করা হয়।





