যুক্তরাজ্যে আগামী এক দশকের মধ্যে স্থূলতা বা ওবেসিটি মহামারি নির্মূল করার যে ‘মুনশট’ পরিকল্পনা ঘোষণা করা হয়েছিল, প্রধানমন্ত্রীর সরাসরি নেতৃত্ব এবং সমন্বিত কৌশল ছাড়া তা পুরোপুরি ব্যর্থ হতে বাধ্য বলে চরম হুঁশিয়ারি দিয়েছে পার্লামেন্টের একটি অল-পার্টি হেলথ কমিটি। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনা ঘোষণার এক বছর পার হয়ে গেলেও অগ্রগতি পরিমাপের সুস্পষ্ট কোনো রূপরেখা তৈরি না হওয়ায় এমপিরা এর কঠোর সমালোচনা করেছেন। বর্তমানে ইংল্যান্ডের প্রায় ৩০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এবং প্রায় এক-তৃতীয়াংশ শিশু ওবেসিটিতে ভুগছে, যা বিগত কয়েক দশকে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে।
লিবারেল ডেমোক্র্যাট এমপি ও কমিটির চেয়ারম্যান লায়লা মোরান খাদ্যাভ্যাস পরিবর্তন এবং ফাস্টফুড শিল্পের ওপর কঠোর নিয়ন্ত্রণের ওপর জোর দিয়েছেন। কমিটি থেকে সরাসরি প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ক্যাবিনেট কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে, যা ক্ষতিকর জাঙ্ক ফুডের বিজ্ঞাপন বন্ধ, সহজ লেবেলিং এবং স্কুলের কাছে ফাস্টফুড আউটলেট নিয়ন্ত্রণে কাজ করবে। অন্যদিকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাত ৯টার আগে টিভিতে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন বন্ধসহ বেশ কিছু প্রতিরোধমূলক পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং এনএইচএস-এর মাধ্যমে ওজন কমানোর চিকিৎসাও সম্প্রসারিত করা হচ্ছে।





