৩১ অক্টোবর ১৯৭২ থেকে ৩১ অক্টোবর ২০২৬—জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে গত ২রা নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় ক্যাফে গ্রীল রেস্তোরাঁর হলরুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাজ্য জাসদের কার্যকরী সভাপতি মুজিবুল হক মনির সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় সভায় জাসদের দীর্ঘ সংগ্রাম ও ঐতিহ্যের কথা স্মরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক মনি এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সর্ব ইউরোপীয় জাসদের সভাপতি মতিউর রহমান মতিন। বক্তব্যকালে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বর্ষীয়ান রাজনৈতিক নেতা আমীর হোসেন আমু ও রাশেদ খান মেননসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বক্তারা। দেশে মব কালচার, অবিচার ও নৈরাজ্যের অবসান ঘটিয়ে জনগণের জান-মাল-ইজ্জতের সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। একই সাথে বিদেশী শক্তির সাথে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও স্বার্থবিরোধী সকল চুক্তি বাতিল এবং মুক্তিযুদ্ধের চেতনা, সার্বভৌমত্ব ও দেশীয় সংস্কৃতির ধ্বংসলীলা রুখে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাজ্য জাসদের সহ-সভাপতি আব্দুল হালিম চৌধুরী, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান, লন্ডন মহানগর জাসদের সাধারণ সম্পাদক সাবুল শামছুজ্জামান এবং যুক্তরাজ্য জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান শানুর। এছাড়া সংহতি জানিয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আমিনুল হক জিলু এবং সাবেক ছাত্রনেতা নওশাদ নুরসহ অন্যান্য শীর্ষস্থানীয় প্রবাস নেতৃবৃন্দ।





