লন্ডন পুলিশের প্রথম সারির হিজাব পরিহিত মুসলিম নারী কনস্টেবল ফিওনা শেখ উমর (Fiona Shaik Umar)-এর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে এডিট করা বিতর্কিত ছবি তৈরি করে অনলাইনে উগ্র বর্ণবাদী ও ইসলামবিদ্বেষী প্রচারণা চালানো হয়েছে। পুলিশ ফেডারেশনের বার্ষিক সম্মেলনে ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু উইমেন ইন পলিসিং’ অ্যাওয়ার্ড পাওয়ার পরপরই অনলাইনে তাঁকে লক্ষ্য করে এই চরম হেনস্তা চালানো হয়।
লন্ডন মেট পুলিশের কমিশনার স্যার মার্ক রাউলি ও পুলিশ ফেডারেশন এই জঘন্য সাইবার আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে ফিওনার পক্ষে সংহতি প্রকাশ করেছেন। ফিওনা শেখ উমর মেট পুলিশের হিজাব সংক্রান্ত পোশাক নীতিমালার আধুনিকায়নে বড় ভূমিকা রেখেছিলেন। দ্য ব্রিটিশ মুসলিম ট্রাস্টের প্রধান নির্বাহী আকিলা আহমেদ জানান, এই ধরনের ট্রোলিং কেবল একজন অফিসারের ওপর হামলা নয়, বরং যুক্তরাজ্যে তীব্র গতিতে বৃদ্ধি পাওয়া ইসলামফোবিয়া ও ঘৃণা ছড়ানোর এক বাস্তব চিত্র। তাদের গবেষণা অনুযায়ী, ব্রিটেনে ধর্মীয় সহিংসতা ও বিদ্বেষমূলক অপরাধের প্রায় ৪৫ শতাংশই এখন মুসলিমদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। কমিউনিটি নেতৃবৃন্দ উগ্রবাদীদের দমনে কঠোর আইন প্রয়োগ ও সামাজিক মাধ্যমে অনলাইন নিরাপত্তা জোরদারের জোর দাবি জানিয়েছেন।






