দাঁত সাদা করার (Teeth Whitening) ক্ষতিকর পণ্য বিক্রি এবং প্রায় ৮৫ লাখ পাউন্ডের ভ্যাট (VAT) ফাঁকি দিয়ে বিলাসবহুল জীবনযাপন করার দায়ে যুক্তরাজ্যের লিভারপুলের দুই বাসিন্দাকে কারাদণ্ড দিয়েছে আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন ৫৩ বছর বয়সী ইয়ান বার্নস (Ian Barnes) এবং ৪৪ বছর বয়সী অ্যালাস্টেয়ার র্যামেজ (Alastair Ramage)।
যুক্তরাজ্যের কর রাজস্ব দপ্তর (HMRC)-এর তদন্তে উঠে আসে, অভিযুক্ত এই দুই ব্যক্তি সেশেলস ও হংকংভিত্তিক দুটি ভুয়া কোম্পানির মাধ্যমে বিপজ্জনক মাত্রার হাইড্রোজেন পারঅক্সাইডযুক্ত দাঁত সাদা করার পণ্য আমদানি ও বিক্রি করতেন। এই ব্যবসার অর্জিত অর্থ থেকে কোটি কোটি পাউন্ড ভ্যাট ফাঁকি দিয়ে তা বিশ্বের শতাধিক ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড এবং ক্রিপ্টো ট্রেডিং প্ল্যাটফর্মের মাধ্যমে পাচার করা হতো।
এইচএমআরসি (HMRC) জানায়, কর ফাঁকির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তারা বিলাসবহুল জীবনযাপন করতেন। যার মধ্যে ছিল জেট-স্কি অবকাশ যাপন, প্রায় ১৬ হাজার পাউন্ড মূল্যের একটি সীমিত সংস্করণের ক্যাপ, দামী ঘড়ি, হীরা ও স্বর্ণের বার ক্রয়। এমনকি তারা ফ্লোরিডায় দাঁতের আকৃতির সুইমিং পুলসহ পাশাপাশি দুটি বিলাসবহুল বাড়ি নির্মাণেরও পরিকল্পনা করেছিলেন।
আদালতে পেশ করা হোয়াটসঅ্যাপ বার্তার তথ্যানুযায়ী, তারা জেনেশুনে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং দাঁতের এনামেল নষ্ট করে দেওয়া পণ্য বিক্রি করছিলেন। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার ঝুঁকি সম্পর্কেও তারা সম্পূর্ণ সচেতন ছিলেন। পরবর্তীতে শুক্রবার লিভারপুল ক্রাউন কোর্ট অপরাধ স্বীকার করার পর বার্নসকে ৪ বছর ৪ মাস এবং র্যামেজকে ৪ বছর ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। বর্তমানে তাদের পাচারকৃত অর্থ পুনরুদ্ধারে আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।






