যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জবাসীর অন্যতম শীর্ষস্থানীয় সামাজিক ও শিক্ষামূলক সংগঠন গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ‘GCSE & A-Level Excellence Award-2026’ সম্পন্ন হয়েছে। গত রবিবার, ১লা নভেম্বর ২০২৬ পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির অডিটোরিয়ামে যুক্তরাজ্যে মূলধারার শিক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষার্থীদের এই মেধা মূল্যায়ন ও সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি মো. দিলওয়ার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ জোয়ারদারের পরিচালনায় অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হামজা হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্যবৃন্দ, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বরেণ্য শিক্ষাবিদগণ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে আমাদের নতুন প্রজন্ম যেভাবে পড়ালেখায় সাফল্য ধরে রাখছে, তা অত্যন্ত গর্বের। গোলাপগঞ্জ সোশ্যাল অ্যান্ড কালচারাল ট্রাস্ট ইউকে শিক্ষার্থীদের এই মেধার মূল্যায়ন ও তাদের পাশে থেকে উৎসাহিত করতে বদ্ধপরিকর। এই আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জনে এবং মূলধারায় নেতৃত্ব দিতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে ২০২৬ সালের জিসিএসই ও এ-লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এই উদ্যোগের তীব্র প্রশংসা করেন এবং প্রবাসে কমিউনিটির বন্ধন সুদৃঢ় রাখার পাশাপাশি শিক্ষামূলক কর্মকাণ্ডে ট্রাস্টের এই ধারাবাহিক ভূমিকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এক নৈশভোজের আয়োজন করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুর রকিব, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ, কাউন্সিলর আমিনা আলী, লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির প্রিন্সিপাল আশীদ আলী, তছউর আলী, মুজিবুর রহমান, দেওয়ান নজরুল ইসলাম, আক্তার হোসেন, আব্দুল হাসিব মামুন, খলকুর রহমান, রফিকুল ইসলাম নজরুল, সায়াদ আহমেদ সাদ, মুহিব উদ্দিন, কাওসার আহমেদ জগলু, আমিনুল হক জিলু, শাহাবুদ্দিন সাবু, জহির হোসেন গৌছ, আব্দুস শুকুর, সেলিম আহমেদ খান, আমিনুল ইসলাম রাবেল এবং জাহেদুল আলমসহ অনেকে।





