যুক্তরাজ্যে পরপর দুটি শক্তিশালী ঝড় ‘অস্টেন’ ও ‘বোয়েলো’-র আঘাতে লন্ডভন্ড হয়ে পড়েছে জনজীবন। দমকা হাওয়ায় গাছ ভেঙে পড়ে আলাদা দুটি স্থানে ৬০ বছর বয়সী লোগান বোটানিক গার্ডেনের কিউরেটর রিচার্ড বেইন্স এবং উত্তর লন্ডনের ফিঞ্চলেতে বিশোর্ধ্ব এক যুবকসহ ২ জনের নির্মম মৃত্যু হয়েছে। এই জোড়া ঝড়ের প্রভাবে দেশজুড়ে ব্যাপক বন্যা, যোগাযোগ ব্যবস্থায় বিপর্যয় এবং লাখ লাখ পরিবারে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত সাত লাখ গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা হলেও এখনো হাজার হাজার বাড়িঘর অন্ধকারে রয়েছে। স্কটল্যান্ডের লার্গস ও সল্টকোটস সহ বিভিন্ন এলাকায় পানি ঢুকে ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান প্লাবিত হয়েছে এবং বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্রিটেনের আবহাওয়া দপ্তর স্কটল্যান্ড ও পশ্চিম উপকূলে ঘণ্টায় ৬৫ থেকে ৮৫ মাইল বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কায় নতুন করে হলুদ সতর্কতা জারি করে উপকূলীয় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।






