যুক্তরাজ্যের নোটিংহাম শহরের এনজেল রো (Angel Row) এলাকায় পুলিশ সদস্যকে লক্ষ্য করে গুলি বর্ষণের বহুল আলোচিত ঘটনায় ৩৫ বছর বয়সী জামাল রাডক-সিনিয়র (Jahmal Ruddock-Senior) নামে দ্বিতীয় এক ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে। অপরাধীকে সহায়তা করার দায়ে নোটিংহামশায়ারের বুলওয়েল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ১৮ অক্টোবর ভোরবেলায় ঘটে যাওয়া ওই গোলাগুলির ঘটনায় এক পুলিশ কনস্টেবল পায়ে মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত মামলায় প্রধান অভিযুক্ত ২৭ বছর বয়সী আয়েশা জামান (Aisha Zaman) বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন। পুলিশ ও ক্রাউন প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে, জামাল রাডক-সিনিয়রের বিরুদ্ধে অপরাধীকে পালিয়ে যেতে সাহায্য করা এবং আলামত গোপনের চেষ্টা চালানোর অভিযোগ আনা হয়েছে। আগামী ২৬ অক্টোবর সোমবার তাঁকে নোটিংহাম ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা রয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে আরও পাঁচজনকে পুলিশি জামিনে রেখে বিস্তারিত তদন্ত চালানো হচ্ছে।






