মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিক হয়েও পশ্চিমা অমুসলিম দেশের পাসপোর্ট বা নাগরিকত্ব গ্রহণ করা ইসলামে নিষিদ্ধ—সৌদি আরবের প্রখ্যাত স্কলার শেখ আসিম আল-হাকিমের (Sheikh Assim al-Hakeem) এমন একটি ধর্মীয় ফতোয়া পুনরুজ্জীবিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
প্রতিবেদনে জানা গেছে, শেখ আসিম আল-হাকিম মনে করেন অমুসলিম দেশের নাগরিকত্ব নেওয়ার সময় আনুগত্যের শপথ নিতে হয়, যা একজন মুসলিমের ধর্মীয় আনুগত্যের পরিপন্থী হতে পারে। তবে তাঁর এই ফতোয়া নিয়ে বিশ্বজুড়ে প্রবাসী মুসলিম ও ইসলামি গবেষকদের মধ্যে তীব্র বিতর্ক ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ধর্মীয় বিশ্লেষকরা বলছেন, সপ্তম শতাব্দীতে আধুনিক পাসপোর্ট বা রাষ্ট্র ব্যবস্থার ধারণা ছিল না, ফলে পবিত্র কুরআনে এ বিষয়ে সরাসরি কোনো নিষেধ নেই। বরং স্কলারদের একাংশের মতে, অর্থনৈতিক ও আইনি নিরাপত্তার জন্য প্রবাসী মুসলিমদের এই নাগরিকত্ব গ্রহণ এক বাস্তব প্রয়োজন, যা মধ্যপ্রাচ্যের দেশগুলো অধিকাংশ ক্ষেত্রে অন্য দেশের মুসলিমদের প্রদান করে না। ফলে এটি কোরআনিক নিষেধাজ্ঞার চেয়ে কেবলই একটি ব্যক্তিগত ধর্মীয় ব্যাখ্যা বলে মনে করছেন বহু ইসলামি আইন বিশেষজ্ঞ।






