স্টেপনি ও পপলারে শিশুদের জন্য আধুনিক খেলার মাঠ
স্টেপনি ও পপলারে শিশুদের জন্য দুটি খেলার মাঠ নতুনভাবে সাজিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। স্থানীয় বাসিন্দাদের মতামত ও চাহিদাকে গুরুত্ব দিয়ে তৈরি এসব খেলার মাঠে যুক্ত করা হয়েছে আধুনিক, রঙিন ও অন্তর্ভুক্তিমূলক বিভিন্ন খেলার সরঞ্জাম।
স্টেপনির শ্যান্ডি পার্কে নতুন টডলার বা ছোট শিশুদের খেলার মাঠটি ২৮ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং লেইজার, কালচার অ্যান্ড ট্যুরিজম বিষয়ক ক্যাবিনেট সদস্য কাউন্সিলর মিনারা খাতুন।
নতুন খেলার মাঠ তৈরির আগে হারফোর্ড স্ট্রিট ও আশপাশের এলাকার বাসিন্দাদের সঙ্গে পরামর্শ করে কাউন্সিল। তাঁদের মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে শিশুদের কল্পনাশক্তি বিকাশে সহায়ক এই খেলার জায়গা। এখানে রয়েছে বিশেষ ‘মি অ্যান্ড ইউ’ দোলনা, যেখানে বাবা-মা ও সন্তান একসঙ্গে দোল খেতে পারবেন। এছাড়া রয়েছে রাউন্ডঅ্যাবাউট, খেলনা গাড়ি এবং বিভিন্ন সেন্সরি প্লে প্যানেল।
নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “আমাদের পার্ক ও খেলার জায়গাগুলো শিশু, তরুণ ও পরিবারগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো মানুষকে সক্রিয় ও সুস্থ থাকার পাশাপাশি একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। এই নতুন খেলার মাঠটি এমন একটি প্রাণবন্ত ও সবার জন্য উন্মুক্ত স্থান, যেখানে শিশুরা খেলবে, নতুন কিছু আবিষ্কার করবে এবং বন্ধুত্ব গড়ে তুলবে।”
কাউন্সিলর মিনারা খাতুন বলেন, “নতুন এই খেলার মাঠটি সব সক্ষমতার শিশুদের জন্য আনন্দদায়ক ও আকর্ষণীয় পরিবেশ তৈরি করেছে। পুরোনো সরঞ্জামের পরিবর্তে আধুনিক ও ছোট শিশুদের উপযোগী খেলার উপকরণ স্থাপন করা হয়েছে। এর ফলে স্থানীয় পরিবারগুলো একত্রিত হওয়ার পাশাপাশি শিশুদের খেলাধুলা ও শেখার নতুন সুযোগ তৈরি হয়েছে।”
শ্যান্ডি পার্কে পরবর্তী ধাপে একটি নতুন জুনিয়র খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে। এর নকশা তৈরিতেও স্থানীয় বাসিন্দাদের মতামত নেওয়া হবে।
এদিকে পপলারের উইল ক্রুকস এস্টেটের পুরোনো শিশুদের খেলার মাঠটিও নতুনভাবে সাজিয়েছে কাউন্সিল। এখানে স্থাপন করা হয়েছে নতুন দোলনা, সি-স, স্লাইডসহ ক্লাইম্বিং ফ্রেম, স্পিনিং বোল এবং সেন্সরি প্লে প্যানেল। সব সক্ষমতার শিশুদের অংশগ্রহণের বিষয়টি গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে নতুন খেলার জায়গাটি।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। শিশুরা নতুন সরঞ্জাম উপভোগ করছে এবং পরিবারগুলোও আগের তুলনায় বেশি সময় একসঙ্গে বাইরে কাটানোর সুযোগ পাচ্ছে। একজন স্থানীয় অভিভাবক বলেন, “আমরা নতুন খেলার মাঠটি খুব পছন্দ করেছি। আমার সন্তানরা এখানে খেলতে খুব আনন্দ পাচ্ছে। আমরা নতুন জুনিয়র খেলার মাঠটির জন্যও অপেক্ষা করছি।”
গত ১৮ মাসে টাওয়ার হ্যামলেটসজুড়ে আটটি নতুন খেলার মাঠ তৈরি করেছে কাউন্সিল। ভবিষ্যতে বরোর বিভিন্ন এলাকায় শিশুদের জন্য আরও আধুনিক খেলার মাঠ তৈরির পরিকল্পনা রয়েছে।