টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প নেই পাকিস্তানিদের সামনে। অন্যদিকে, এ ম্যাচ জিতলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে ইংলিশদের। সুপার এইটের বিগ ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৭টায়।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একটু বেশিই আলোচনা পাকিস্তানকে নিয়ে। পুরো আসর বর্জন আবার পরে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দেয়া দলকে নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক। যদিও মাঠের ক্রিকেটে সেই ঠাঁট বজায় রাখতে পারেনি পাকিস্তান। নেদারল্যান্ডসের বিপক্ষে কষ্টার্জিত এক জয়ে শুরু তাদের গ্রুপ পর্ব। যুক্তরাষ্ট্রও জানিয়েছে চ্যালেঞ্জ। সবচেয়ে বড় লজ্জা তাদের দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। কলম্বোতে রীতিমতো বিধ্বস্ত হয়েছে পাকিস্তান। দাপুটে জয় কেবল নামিবিয়ার বিপক্ষে।
সুপার এইটে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। তাই সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই মেন ইন গ্রিনের। তবে, সেটাও যে সহজ হবে না। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩ দেখায় কখনোই জয় পায়নি পাকিস্তান। ব্যাটিংয়ে সেরা ছন্দে নেই সালমান আলি আঘার দল। সাইম আইয়ুব, বাবর আজমরা রানই পাননি আসরজুড়ে। যদিও সেসব নিয়ে ভাবতে চান না আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শাহিবজাদা ফারহান।
পাকিস্তানের ওপেনার শাহিবজাদা ফারহান বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ওদের বিপক্ষে জয় নেই, এটা ঠিক। তবে দল অনেক আত্মবিশ্বাসী। ইংল্যান্ডকে কঠিন পরীক্ষা দিতে হবে। বেশ কিছু ম্যাচে ব্যাটিং বিপর্যয় হয়েছে আমাদের। টপ অর্ডার থেকে এক বা দুইজনকে লম্বা ইনিংস খেলতে হবে। পাল্লেকেলেতে প্রথমবার খেলবো আমি। সিনিয়রদের কাছে শুনেছি এখানে ব্যাটিং সহায়ক উইকেট হয়। তবে, শেষ ম্যাচটায় এখানে পিচ অন্যরকম মনে হয়েছে। মাঠে নেমে বুঝতে পারবো।’
সাউথ এশিয়ান কন্ডিশনে সেরা ছন্দের জন্য বেগ পেতে হচ্ছে ইংল্যান্ডকেও। গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে কোনোমতে এড়িয়েছে হার। ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর স্কটল্যান্ড ও ইতালির বিপক্ষে জয় পেলেও পারফরম্যান্স ছিলো না আপ টু দ্য মার্ক। তবে, সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ খেলেছেন বোলাররা। লঙ্কানদের হোম গ্রাউন্ডে তাদেরই ১০০’এর নিচে অলআউট করে ম্যাচ জিতেছে থ্রি লায়নরা। এবার পাকিস্তানকে হারাতে পারলে সেমিফাইনাল অনেকটাই নিশ্চিত হয়ে যাবে হ্যারি ব্রুক বাহিনীর। তবে, বিগ ম্যাচে ইংলিশদের স্পিন দিয়ে ঘায়েল করার লক্ষ্য পাকিস্তানিদের।
শাহিবজাদা ফারহান বলেন, ‘শ্রীলঙ্কান স্পিনারদের বিপক্ষে খেলতে বেগ পেতে হয়েছে ইংল্যান্ডের ব্যাটারদের। আর আমাদের স্পিন আক্রমণ তো সেরা। বিশেষ করে উসমান তারিককে নিয়ে অন্য দলগুলোকে ভাবতে হচ্ছে। যা আমাদের জন্য ইতিবাচক।’
ভিন্নধর্মী অ্যাকশন আর ভেরিয়েশনে আলোচনার কেন্দ্রে স্পিনার উসমান তারিক। আসরে প্রথমবার মাঠে নামার অপেক্ষায় হার্ডহিটার ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের নির্ধারিত একাদশই এ ম্যাচে খেলাতে পারে পাকিস্তান।
এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে নামবে ইংল্যান্ডও। নতুন বলে গুরুদায়িত্ব থাকবে জফরা আর্চারের কাঁধে। আদিল রশিদ-স্যাম কারানরাও ধারাবাহিকতা বজায় রাখতে চান। ব্যাট হাতে রানে ফিরতে মরিয়া জস বাটলার। হ্যারি ব্রুক, উইল জ্যাকসরা চাইবেন ব্যাট হাতে ঝড় তুলতে।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরেই শিরোপা হাতছাড়া হয়েছিলো পাকিস্তানের। এবার সেটার শোধ তোলারও সুযোগ তাদের সামনে।