সিলেট নগরীতে মোটরসাইকেল চোরচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন নিজেকে ‘সিলেট বিভাগ মোটরসাইকেল চোরচক্রের প্রতিষ্ঠাতা সভাপতি’ হিসেবে দাবি করেছেন।
শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন—মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার কয়েছ আহমদ তালুকদার (৩৫) এবং জৈন্তাপুর উপজেলার যশপুর এলাকার আকাশ আহমদ (২৪)।
পুলিশ জানায়, গত ৬ এপ্রিল নগরের জিন্দাবাজার এলাকার রাজাম্যানশনের সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরী নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় পরদিন থানায় মামলা দায়ের করা হলে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান শুরু করে।
অভিযানের অংশ হিসেবে নগরের উপশহর এলাকা থেকে কয়েছ আহমদ তালুকদারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে মোটরসাইকেল চোরচক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ বলে দাবি করেন।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে জৈন্তাপুর এলাকা থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত আকাশ আহমদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।