ইসরায়েলে আসন্ন সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে আরও বড় ধরনের হামলা ও মানবিক বিপর্যয়ের আশঙ্কায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিরা। চলমান ইসরায়েলি বিমান হামলা ও সামরিক অভিযানে এ পর্যন্ত প্রায় ৭৫ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং প্রায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে জীবনযাপন করছেন।
প্রতিবেদনে জানা গেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুদূর-ডানপন্থী জোট এবং সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটের বিরোধী দল—উভয়েই নির্বাচনে জয়লাভের জন্য গাজায় সামরিক অভিযান জোরদার করার প্রতিশ্রুতি দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষক ও ফিলিস্তিনিদের মতে, ইসরায়েলি ক্ষমতার লড়াইয়ে গাজার ওপর হামলা ও ধ্বংসযজ্ঞকে নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান হাতিয়ার বানানো হয়েছে। ইতোমধ্যে গাজায় বাণিজ্যিক খাদ্য সরবরাহ ব্যাহত হওয়ায় দেখা দিয়েছে তীব্র খাদ্য ও খাবার পানির সংকট। ময়দা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম তিনগুণেরও বেশি বৃদ্ধি পাওয়ায় হাজার হাজার পরিবার অনাহারের মুখে পড়েছে। গাজাবাসীর আশঙ্কা, যে দলই ক্ষমতায় আসুক না কেন, ফিলিস্তিনিদের ওপর অবরুদ্ধ এই ভূখণ্ডে নিপীড়ন ও সীমান্ত কঠোরতার কোনো পরিবর্তন ঘটবে না।






