জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের কারণে সিলেট নগরের বিভিন্ন এলাকায় শনিবার (১৮ এপ্রিল) আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, নির্ধারিত সময়ে ট্রান্সফর্মার মেরামত, সঞ্চালন লাইন উন্নয়ন এবং গাছের ডাল কাটার কাজ করা হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে বিপিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি ফিডারের আওতাধীন একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ চালু করা হতে পারে।
যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে চালিবন্দর, কাষ্টঘর, সোবানীঘাট, বিশ্বরোড, জেলরোড, বন্দররোডসহ আশপাশের এলাকা। এছাড়া আমজাদ আলী রোড, কালীঘাট, ছড়ারপার, মাছিমপুর, মহাজনপট্টি, হকার্স মার্কেট, লালদীঘিরপাড়, ডাক বাংলা রোড, বুরহান উদ্দিন মাজার এলাকা, শাপলাবাগ, কুশিঘাট, মেন্দিবাগ, মিরাপাড়া, নোয়াগাঁও, সাদাটিকর, মিরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর ও পীরেরচকসহ মোট ২৬টি এলাকায় এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, এসব কাজ মূলত সিস্টেম উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে করা হচ্ছে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সহযোগিতা কামনা করা হয়েছে।